শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। রাজধানী কারাকাসসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সরকারঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার রাত আনুমানিক ৮টার দিকে (জিএমটি অনুযায়ী রাত ১২টা) প্রেসিডেন্ট প্রাসাদের আকাশসীমায় অজ্ঞাতপরিচয় একাধিক ড্রোন উড়তে দেখা যায়।
ড্রোনগুলোর গতিবিধিকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি ছোড়ে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ড্রোনের উপস্থিতি এবং গভীর রাতে গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে।