DHAKA, BANGLADESH - FEBRUARY 14: Mr Mirza Fakhrul Islam Alamgir, Secretary General of BNP, addresses media for the first time after BNP wins the 13th General Election on February 14, 2026 in Dhaka, Bangladesh. (Photo by Elke Scholiers/Getty Images)
স্থানীয় সরকার নির্বাচন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলেই দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনি প্রক্রিয়া শুরু করা হবে।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও কেন্দ্র চূড়ান্তকরণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে ন্যূনতম ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন।
সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দীর্ঘদিন অনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনআকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় স্থানীয় সরকার নির্বাচন কবে হবে—এ বিষয়ে জানতে চান সংসদ সদস্য জহিরুল ইসলাম।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে নতুন ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে, যা নিকার বৈঠকে চূড়ান্ত হবে।
ইভিএম প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রায় ৩,৮২৫ কোটি টাকা ব্যয়ে দেড় লাখ ইভিএম কেনা হলেও জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে এগুলো ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ইভিএমগুলো বিভিন্ন গোডাউন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে। প্রকল্পটি নিয়ে অডিট আপত্তি ও দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে।