নয়াদিল্লি: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী দিল্লি। গত শনিবার রাজধানীতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত এক সমাবেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।
বিক্ষোভ ও সমাবেশ প্রতিহত করতে দিল্লিকে রীতিমতো একটি দুর্গে পরিণত করে প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়।
আন্দোলনকারীদের পথ আটকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে ভারী ব্যারিকেড এবং কাঁটাতারের স্পাইক স্ট্রিপ। প্রশাসনের এমন কঠোর ও মারমুখী অবস্থানের কারণে দিল্লির সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এই পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে বর্ণনা করেছেন।